২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটের মাধ্যমে নারী উত্ত্যক্তকারীদের শাস্তি দাবি

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী উত্ত্যক্তকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে চট্টগ্রামে রোকেয়া দিবসের এক সমাবেশের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 09:34 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার সকালে নগরীতে নারী প্রগতি সংঘ আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।   

সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্নভাবে নারীকে অবমাননা করা হচ্ছে। এই অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা বলেন, রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান থাকলেও অনেক দলই তা মানছে না। এসব সংগঠনকে এ বিধান মানতে বাধ্য করার দাবি জানান তারা।

সম্পদের উত্তরাধিকার হিসেবে ছেলে-মেয়ের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বক্তারা বলেন, নারী ও মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশ সেল গঠন করতে হবে।

সংগঠনের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শরীফ চৌহান, এস এম এরশাদুল করিম, কুমকুম দত্ত, ইয়াছমিন বেগম, তপন কান্তি দে ও শিরিন আক্তার।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে নারীর ক্ষমতায়ন নিয়ে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিল।