নওগাঁয় স্বর্ণের দোকানে ডাকাতি
নওগাঁর আত্রাই উপজেলায় একটি স্বর্ণের দোকানে রোববার রাতে ডাকাতি হয়েছে।
নওদুলী বাজারে রাধাকৃষ্ণ জুয়েলার্স থেকে ডাকাতরা অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে এর মালিক দাবি করছেন।
রাধাকৃষ্ণ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মানিক জানান, রোববার সন্ধ্যার পর তিনি দোকান বন্ধ করে বাড়ি যান।
রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত বাজারের চার নৈশ প্রহরী ও দুইজন ভিক্ষুককে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে হাত-পা, মুখ বেঁধে ফেলে এবং তার স্বর্ণের দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে।
তারা ক্যাশ বাক্সে রাখা ৩৯ হাজার টাকা, সাড়ে ১৬ ভরি স্বর্ণ, দেড়শ ভরি চাঁদি ও বিভিন্ন অলংকার লুট করে নিয়ে যায়।
সব মিলিয়ে তারা অন্তত ১০ লাখ টাকার মামলামাল লুট করেছে।
সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।
আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
