রাজশাহীতে সংঘর্ষে পুলিশসহ আহত ১০
রাজশাহীর শালবাগান ও সোনাদিঘী এলাকায় পুলিশের সঙ্গে হরতাল-অবরোধকারিদের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে ওই সংঘর্ষের পর ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে শালবাগানে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে ছাত্রদল ও শিবির কর্মীরা।
পুলিশ সেখানে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় জান মোহাম্মদ ও সিদ্ধার্থ নামের দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজের সামনে রাস্তায়ও পেট্রোল ঢেলে আগুন জ্বালায় অবরোধকারীরা। এ সময় তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে বিকট শব্দে এক পথচারী সংজ্ঞা হারিয়ে পড়ে যান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
মতিহার থানার ওসি আবুদল মজিদ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কে এসে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ সময় ছাত্রদলকর্মী সামিউল ইসলাম, পাপন, রবিউল করিম রবিন, ইসমাঈল হোসেন ও তূর্য আহত হন বলে রাবি ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা দাবি করেন।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর মালোপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে নগর ভবনের সামনে শেষ হয়।
সেখানে এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যেই যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াত।
নির্বাচনের তফসিল বতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের তৃতীয় দফার অবরোধ মঙ্গলবার ভেঅরে শেষ হওয়া হওয়ার কথা।
