২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সদিচ্ছা থাকলে শান্তিপূর্ণ সমাধান সম্ভব’

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকটের মধ্যে ঢাকা সফরের দুই দিনে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার পর জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ- তারানকো বলেছেন, সদিচ্ছা থাকলে ‘শান্তিপূর্ণ সমাধান’ এখনো সম্ভব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 03:10 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে অনির্ধারিত এক নাতিদীর্ঘ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমান অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানের একটি সম্ভাবনা এখনো আছে।” 

“যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে, নেতৃত্ব যদি সঠিক হয়, সমঝোতায় আসার মানসিকতা যদি আমাদের থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- শান্তিপূর্ণভাবে সংলাপ যদি আমরা চালিয়ে যাই”,  তাহলেই এটা সম্ভব বলে মনে করেন তিনি।   

শনিবার থেকে বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খুললেন তিনি। 

নির্বাচনের আগে চলমান সঙ্কটের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে ঢাকায় আসা ফার্নান্দেজ-তারানকো সোমবার সকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

তারপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর বাসায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভের বাসায় তার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।

এরপর বেলা ২টার দিকে নির্বাচন কমিশনে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে তিনি কথা বলেন মাত্র মিনিট দশেক।

ইসির সচিব মোহাম্মদ সাদিকও এ সময় উপস্থিত ছিলেন।

বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের সহাস্যে ‘আসসালামুআলাইকুম’ বলে সম্ভাষণ জানান জাতিসংঘ মহাসচিবের দূত। 

এরপর তিনি সংকট নিরসনে তার এই চেষ্টার প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমের ‘ইতিবাচক ভূমিকার’ কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।

রাজনৈতিক দল, কূটনীতিক, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে ফার্নান্দেজ- তারানকো বলেন, “আমাদের আরো আলোচনা রয়েছে, এরপরে আমরা গণমাধ্যমকে ব্রিফ করব। ওই সময় আপনাদের আরো ভালো তথ্য দিতে পারব আশা রাখি।”

তবে স্বল্প সময়ের বৈঠকে কি কথা হয়েছে- সে বিষয়ে কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।