২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ আরো বাড়ল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় অবরোধের সময় শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 02:23 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ সোমবার গোপন স্থান থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান।

তিনি বলেন, শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার দাবি না মানায়, নির্বাচনের তফসিল বাতিল না করায় অবরোধের সময় শুক্রবার ভোর পর্যন্ত বাড়ানো হলো। 

“সরকার গণদাবি উপেক্ষা করে দমনপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে। সারা দেশে নেতা-কর্মীদের ওপর চলছে হামলা-মামলা-গ্রেপ্তার। এ অবস্থায় আমরা রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি বৃদ্ধি করার ঘোষণা দিচ্ছি।”

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট উত্তরণে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর সফরের মধ্যেই এ ঘোষণা দিল বিএনপি। 

আর ছয় দিনের এই অবরোধ যেদিন শেষ হবে,  সেদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বরই নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হবে, যা প্রতিহতের ঘোষণা দিয়েই বিরোধী দলীয় জোটের এই আন্দোলন।  

অবরোধ বাড়ানোর পাশাপাশি ভিডিও বার্তায় আরো কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব।

অবরোধে নিহতদের স্মরণে শুক্রবার বাদ জুমা সারা দেশে মহানগর-জেলা-উপজেলা ও থানায় গায়েবানা জানাজা এবং ১৫ ডিসেম্বর সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দল।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর  বিকালে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করবে বিরোধী দল।

এ আলোচনাসভার স্থান পরে জানানো হবে বলেও সালাহউদ্দিনের ভিডিও বার্তায় বলা হয়।

১৮ দলীয় জোটের ডাকে গত শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে দ্বিতীয় দফায় অবরোধের সময় আরো ৭২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা এলো।

ফলে আগের সপ্তাহের মতো এবারো পুরো ছয়দিন কার্যত অচল হয়ে থাকতে হচ্ছে দেশের মানুষকে। ব্যবসায়ীরা এ ধরনের কর্মসূচি বন্ধের দাবিতে ইতোমধ্যে রাস্তায় নেমেছেন।   

‘সর্বদলীয়’ সরকার গঠন করে আওয়ামী লীগের নির্বাচনের দিকে এগোনোর মধ্যেই নির্দলীয় সরকারের দাবিতে এভাবে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এই কর্মসূচিতে সংঘাত-সহিংসতায় এরইমধ্যে মারা গেছেন অর্ধশতাধিক মানুষ।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত ২৬ নভেম্বর থেকে প্রথম দফায় ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় ১৮ দলীয় জোট।

এরপর ৩০ নভেম্বর ৭২ ঘণ্টা অবরোধ দিয়ে পরে তা আরো ৫৯ ঘণ্টা বাড়িয়ে ৫ ডিসেম্বর বিকাল পর্যন্ত করা হয়।

পরদিন শুক্রবার বাদ দিয়ে শনিবার ভোর থেকে আবারো ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয় যার মেয়াদ শুক্রবার ভোর পর্যন্ত বাড়ানো হলো।

পুরনো খবর:

অবরোধে দগ্ধ হলেন আরো এক প্রতিবন্ধী
আবার ৭২ ঘণ্টার অবরোধ