অবরোধে দগ্ধ হলেন আরো এক প্রতিবন্ধী
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধী জোটের হরতাল-অবরোধে সহিংসতার আগুনে পুড়লো আরো এক প্রতিবন্ধী।
অবরোধ চলাকালে সোমবার ভোরে কুমিল্লায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন বাকপ্রতিবন্ধী বাসের হেলপার মজিবুর রহমান (৪২)।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিল্লা থেকে ভোরে পণ্যবাহী ট্রাকে করে মুজিবুর ঢাকায় আসার পথে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয়। এতে তার শরীরের ২০ ভাগ পুড়ে যায়।
মোজাম্মেল জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শামপুর গ্রামের মুজিবুর স্ত্রী মঞ্জু আরাসহ তিন সন্তান নিয়ে থাকতেন রাজধানীর জুরাইন আলমবাগে।
হরতাল-অবরোধে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরাও।
এর আগে গাড়িতে আগুনে ঝলসে গেছে এক জনের শরীর, জ্বলন্ত বাস থেকে নামতে গিয়ে পা ভেঙেছে একজনের, হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছে দুই প্রতিবন্ধী শিশু।
অবরোধের মধ্যে গত শনিবার রাতে রাজধানীর মালিবাগে বাসে পেট্রোল বোমা ছোড়ার পর আহত হন শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিন (৩৫)। ওই বাসে চড়ে পুরান ঢাকা থেকে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি।
তড়িঘড়ি করে নামতে গিয়ে বাঁ পা ভেঙে যায় তার। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয় তাকে।
এর আগে গত ১০ নভেম্বর ফরিদপুরে একটি প্রতিবন্ধী স্কুলে বোমা বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়। পরদিন যাত্রাবাড়ীতে বাসে আগুনে অন্য সাত জনের সঙ্গে ঝলসে যায় প্রতিবন্ধী আব্দুল মান্নানের (৩৫) শরীর।
গত ১১ নভেম্বর বিরোধী দলের হরতালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে চলন্ত বাসে পেট্রোল বোমায় দগ্ধ হন প্রতিবন্ধী আব্দুল মান্নান (৩৫)। আগুনে তার শরীরের ১৯ ভাগ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানান।
বিরোধী দলের হরতালের মধ্যে গত ১০ নভেম্বর বেলা পৌনে ১২টায় ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বোমা বিস্ফোরণে দুই বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু আহত হয়।
আহত হুমায়ূন কবিরের (১২) বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায় এবং রায়হান ব্যাপারীর (১০) বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তারা দুজনই ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
বোমায় হুমায়ূনের ডান পায়ের হাঁটুতে জখম হয়। আর রায়হানের ডান পায়ের বুড়ো আঙ্গুলে লাগে বোমার স্প্লিন্টার।
এর আগে গত ২৮ অক্টোবর হরতাল সমর্থকদের আগুনে পুড়ে যায় মানিকগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাসের শিক্ষার্থীদের বহনকারী গাড়ি।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হতাহত হয়েছে নারী, শিশুসহ অনেক মানুষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, এ পর্যন্ত হরতাল-অবরোধে আগুনে দগ্ধ অর্ধ শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হযেছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
