২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ৭২ ঘণ্টার অবরোধ

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোর সফরের মধ্যেই ফের ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 12:24 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা ৬ দিনের অবরোধের শেষদিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।   

তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে।

“শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমরা বলতে চাই- সরকার যখনই নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার ঘোষণা দেবে তখনই আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেব।”

অজ্ঞাতস্থানে ধারণ করা এই ভিডিও বার্তায় বিএনপির  যুগ্ম মহাসচিব অবরোধ কর্মসূচি ছাড়াও শুক্রবার সারাদেশে মহানগর-জেলা-উপজেলায়  জুমার নামাজের পর গায়েবানা জানাজার কর্মসূচিও ঘোষণা করেন।

তিনি বলেন, “অবরোধের মধ্যে নিহতদের জন্য মহানগরের সব থানায় থানায় এই গায়েবানা জানাজা হবে।’’

বিরোধী দলের অবরোধে সারাদেশে সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন,  “বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত  দাবি মেনে নেয়ার  কোনো ইঙ্গিত না পাওয়ায় আমরা আবারো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।”

এর আগে তফসিল ঘোষণার প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে টানা ৭১ ঘণ্টার অবরোধ করে ১৮ দলীয় জোট।

এরই মধ্যে হরতালে নাশকতার অভিযোগে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হলে কেবল শুক্রবার বিরতি দিয়ে ৩০ নভেম্বর আরো ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। পরে সেই অবরোধের মেয়াদ বাড়ানো হয় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। 

এবারও শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে তৃতীয় দফা অবরোধ ডাকল বিএনপি নেতৃত্বাধীন জোট।  

দুই দফা অবরোধে সারা দেশে বিপুল সংখ্যক যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের পাশাপাশি রেলপথজুড়ে চালানো হয় ব্যাপক নাশকতা। যানবাহনে ছোড়া বোমায় দগ্ধ হতে হয় বহু মানুষকে। 

বিএনপি ও শরিকদের দাবি, তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করার ঘোষণা দিয়েছে। 

বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের মধ্যেই শুক্রবার ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো, যিনি সাত মাস আগেও একবার ঢাকায় এসে প্রধান দুই দলের মধ্যে সংলাপের তাগিদ দিয়ে গিয়েছিলেন।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিজেও দুই নেত্রীকে চিঠি দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে ‘সব ধরনের সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন।

দুই দলের সমঝোতার জন্য জাতিসংঘ প্রয়োজনে মধ্যস্ততার উদ্যোগ নিতে পারে বলেও ওই চিঠিতে ইংগিত দেয়া হয় বলে একটি সূত্র জানায়।  

পুরনো খবর:

আবার আসছেন তারানকো
সমঝোতায় সহায়তার আশ্বাস জাতিসংঘের
অবরোধ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত