রায় কার্যকরে নারীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করতে নারীদের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৩ সালের বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালে নারীদের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “তাদের (যুদ্ধাপরাধী) বিচারের কাজ শুরু করেছি। এই বিচার যেনো কার্যকর করতে পারি, সেজন্য আমি আমার মা-বোনদের সহায়তা চাই।”
সোমবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বলেন, “ডিসেম্বর মাস বাঙালি জাতির মুক্তির মাস। বিজয়ের মাস।৩০ লাখ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে পেরেছি।
“স্বাধীনে দেশের নাগরিক আমরা। আমরা এখন অনেক অধিকারের কথা বলি। কিন্তু, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি- তাদের স্মরণ করতে হবে। যারা এই নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল তাদের ঘৃণা জানাই।”
যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে যে কতো ত্যাগ..। আমরা তো একটা বলে ছেড়ে দেই। যারা এই বিচারের কাজে বাধা দিচ্ছে- তারা কী স্বাধীনতায় বিশ্বাস করে?”
বিরোধীদলকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে বেগম রোকেয়ার জন্মদিন। আজকের এই দিনেও যদি হরতাল প্রত্যাহার করতেন? তা হলে দুই নারী হিসাবে গালি শুনতে হতো না।”
আলোচনায় বসতে খালেদা জিয়াকে টেলিফোন করে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি ফোন করেছি। যে শ্রুতিমধুর কথা শুনেছি তা বলতে চাই না।
“আশাকরি, তারা সচেতন হবে।”
জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ প্রণয়ন করাসহ নারী উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “নারীরা যে তার অবস্থান থেকে কাজ করতে পারে- তা আমরা প্রমাণ করেছি। আমরা নারী বলেই পুরুষ সমাজ দু’নারীর ঝগড়া দেখে। দু’পুরুষ হলে দু’পুরুষের ঝগড়া বলতো না।”
শেখ হাসিনা বলেন, নারীর অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে এবং নারীর প্রতি সামাজিক অপরাধ রোধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে।
“নারী ক্ষমতায়ন বলে চিৎকার আর স্লোগান দিলে হবে না। নারী ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে।”
শেখ হাসিনা বলেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন সভা, সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ বাহিনীসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে তার সরকার কাজ করে যাচ্ছে।
“প্রতিটি জায়গায় একজন নারী না থাকলে আমি আসলে ফাইল সই করতে আপত্তিই জানাই। সুযোগ না করে দিলে নারীরা এগুবে কি করে?”
নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ অবদানের এবছর ‘বেগম রোকেয়া পদক’ পেয়েছেন, ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু।
চিরকুমারী ঝর্ণা ধারা চৌধুরী ছোটবেলা থেকেই গান্ধীজির অহিংস মন্ত্রে উজ্জীবিত হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করেন।
১৯৩৮ সালে ১৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলায় জন্ম নেয়া ঝর্ণা ধারা গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের সভাপতি। এ বছর ভারতের বেসামরিক পদক পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন তিনি।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হামিদা বানু সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৪০ সালে ২৩ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্ম নেয়া এই নারীর বেশ কয়েকটি গবেষণা ও প্রবন্ধ রয়েছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে হামিদা বানু বলেন, “এই পদক পাওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু, তিনি এই পদকের অনেক উর্ধ্বে চলে গেছেন।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
