২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা  দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদীপক্ষের এক সাক্ষীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে মোস্তফা হাওলাদারের (৫৫) উপর এ হামলা হয়। মোস্তফা ছিলেন সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার অষ্টম সাক্ষী।

তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার স্ত্রী হাসিনা বেগমকেও কুপিয়ে আহত করে।

তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং এরপর খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রাত ৩টার দিকে সন্ত্রাসীরা  সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মোস্তফার উপর হামলা চালায়।

এ সময় তার স্ত্রী হাসিনা বেগম চিৎকার করলে সন্ত্রাসীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোস্তফার মাথা মারাত্মকভাবে জখম হয়। 

মুক্তিযুদ্ধ চলাকালে খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি হত্যাকাণ্ডও রয়েছে।

রায়ে সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে দেলাওয়ার হোসাইন সাঈদী যে পিরোজপুরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন, প্রসিকিউশন তা সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে রায়ে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।