২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিবান্ধায় তেল-সারের দাবিতে অবরোধ

জ্বালানি তেল ও সারের দাবিতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কৃষকরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বড়খাতা দোহানী মোড়ে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক অবরোধ করা হয়।

কৃষকদের দাবি, অবরোধের অজুহাতে সরবরাহ নেই জানিয়ে ডিলাররা কৃষকদের তেল ও সার দিচ্ছে না। তবে, পর্যাপ্ত তেল ও সার মজুদ রয়েছে বলে দাবি করছে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বেলা ১২টার দিকে কৃষকরা অবরোধ তুলে নেয়।

কৃষকরা জানান, টানা অবরোধের অজুহাতে স্থানীয় সার ডিলার ও তেল পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে কালো বাজারে বিক্রি করছে।

ফিলিং স্টেশন কিংবা সারের দোকানে গেলে প্রথমে জানানো হয় অবরোধের কারণে তেল ও সার আসতে পারেনি। কিন্তু এরপর অতিরিক্ত টাকা দিলে সার ও তেল পাওয়া যায়।

বড়খাতা ইউনিয়নের সার ডিলার নজরুল ইসলাম জানান, যে পরিমাণ সার ছিল তা বিক্রি করা হয়েছে।

হাতিবান্ধা উপজেলা তেল সার মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবর রহমান জানান, তেল সার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবুও কেন অবরোধ হল তা খতিয়ে দেখা হচ্ছে।