২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফের ধানের ট্রাকে আগুন

রাজশাহীতে আবারো ধানবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 01:17 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

অবরোধ শুরুর চারঘন্টা আগেই শুক্রবার রাত ২টার দিকে  শহরের আশরাফের মোড়ে বাইপাস সড়কে  অবরোধকারীরা আগুন দিয়ে ট্রাকটি পুড়িয়ে দেয়।

এর আগে গত ৩০ নভেম্বর কাটাখালি এলাকায় অবরোধ শুরুর আগেই ধানবাহী চারটি ট্রাক এবং ওষুধবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় অবরোধকারীরা।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, নওগাঁ থেকে ধান নিয়ে ট্রাকটি কুষ্টিয়া যাচ্ছিল। রাত ২টার দিকে অবরোধকারীরা রাস্তায় কাঠ ফেলে ট্রাকটি থামিয়ে আগুন দেয়। এতে ধানসহ ট্রাকটি পুড়ে যায়।

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

এদিকে অবরোধের সমর্থনে রাজশাহীতে মিছিল সমাবেশ করেছে ১৮ দল।

সকালে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরীর কাদিরগঞ্জ এলাকার মহিলা কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মহানগরীর মালোপাড়া সাহেববাজার জিরোপয়েন্ট সড়ক হয়ে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।