নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ, চাঁদপুরে যানবাহন ভাংচুর
বিরোধী দলের তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার জেলার আড়াইহাজার ও সোনারগাঁও এলাকায় মিছিল ও কয়েকটি যানবাহনও ভাংচুর করে অবরোধ সমর্থকরা। পরে পুলিশকে দেখে তারা পালিয়ে যায়।
অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। শহরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল।
ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা সোনাখালী এলাকায় মিছিল বের করে বিএনপিকর্মীরা। তারা সড়কে টায়ার ও পেট্রেলে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে তারা দুটি গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায় বলে জানান ওসি।
আড়াহহাজার থানার ওসি মো. আলমগীর জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায় বিএনপির সমর্থকরা মিছিল বের করে। তারা গাছের গুড়ি ও টায়ারে অগ্নিসংযোগ করে।
সেখানেও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায় বলে ওসি জানান।
চাঁদপুরে যানবাহন ভাংচুর
এদিকে চাঁদপুরে অবরোধ সমর্থকরা সড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাংচুর করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অবরোধের সমর্থনে শহরে পৃথক মিছিল বের করে। তারা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে।
জেলার পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বিভিন্ন স্থানে পিকেটিংকালে দুই জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া অবরোধের মধ্যেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশ সুপার।
মাগুরায় দুই জামায়াতকর্মী আটক
এদিকে মগুরা সদর থানার পরিদর্শক লিটন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮ টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া আখ সেন্টার এলাকায় জামায়াতশিবির কর্মীরা যান চরাচলে বাধা সৃষ্টি করছিল।
এ সময় কুরায়রা ও রইচউদ্দিন নামে দুই জামায়াতকর্মীকে আটক করে পুলিশ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবিতে শনিবার থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সহিংস কর্মসূচিতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হওয়ায় উদ্বেগ জানিয়েছেন সুশীল সমাজ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও অবিলম্বে দুই প্রধান রাজনৈতিক দলের সমঝোতা চেয়েছে।
