'আমরা নির্বাচনের পথেই হাঁটছি'
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেভাবেই হোক নির্বাচন ছাড়া সরকারের সামনে এখন কোনো বিকল্প নেই।
শুক্রবার নারায়ণগঞ্জে তিনি বলেন, “আমরা নির্বাচনের পথেই হাঁটছি।”
যদি নতুন করে কোনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, সেটা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দশম সংসদ নির্বাচন নয়।
প্রতিযোগিতা ছাড়া কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না। একতরফা নির্বাচন রাজনীতিবিদদের জন্য আনন্দময় হতে পারে না। রাজনীতিবিদরা লড়াই করে জিততে চায়। আওয়ামী লীগ একতরফা নির্বাচনে বিশ্বাস করে না।
এরশাদ সম্পর্কে তিনি বলেন, জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল। তারা দলের সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করবে। সেক্ষেত্রে এরশাদকে নিয়ে টানাটানি করার প্রয়োজন নেই।
“আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করছি না। এটা রাজনীতির একটা খারাপ দিক,” বলেন কাদের।
জাতিসংঘ প্রতিনিধি ভারতের প্রতিনিধির মতোই একটি সুষ্ঠু নির্বাচনের ফর্মুলা দিতে পারে।
আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। খোলাসা হয়ে যাবে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী।
তিনি বলেন, দেশে জরুরি অবস্থা জারির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সরকার মনে করছে না। জরুরি অবস্থার মধ্যে কি নির্বাচন করা সম্ভব ?
বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নারায়ণগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, আর্মির ইঞ্জিনিয়ারিং কোরের মেজর আমির।
