২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারানকো ঢাকায়

জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো ঢাকা পৌঁছেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 09:16 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

শুক্রবার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সাত মাস আগে জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে এসে সংলাপের তাগিদ দিয়ে যান তারানকো।

নির্বাচনকে ঘিরে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে তার এই সফরকে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্ততার শেষ উদ্যোগ হিসেবে।

তারানকোর এবারের সফর নিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার এর আগে এক বিবৃতিতে বলেন, “আগামী ৫ জানুয়ারির নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করবেন তিনি।”

“এ বছর মে মাসে তার বাংলাদেশ সফরের পরবর্তী ধাপ হিসেবে তিনি এ সফর করছেন।”  

এই সফরে তারানকো সরকার, বিরোধী দল, সংসদ, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ জানিয়েছে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সফর শুরু হবে। এদিনই তিনি প্রধান দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তারানকো, কথা বলেন অন্যদের সঙ্গেও।  দুই পক্ষকেই সংলাপ দ্রুত শুরুর তাগিদ দিয়ে যান তিনি।

ওই সফরে বান কি-মুনের দুটি চিঠি দুই নেত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।

এরপরে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় প্রধান দুই নেত্রীকে চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যাতে সংকট সমাধানে সংলাপের আহ্বান জানানো হয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তফসিল ঘোষণার পর দুই দফায় ৯ দিন অবরোধ পালন করেছে, যাতে সহিংসতায় প্রায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন। শনিবার থেকে আবারো তাদের ৭২ ঘণ্টার অবরোধ রয়েছে।

অন্যদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কট করে ভোট প্রতিহত করার হুমকি রয়েছে বিএনপির। এর ফলে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।