খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলীর গাজী নগর এলাকায় এ সংঘর্ষে আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম(৩৯), আওয়ামী লীগ কর্মী মো. জাবেদ হোসেন(৪২), আবু তালেব(৬০), মো. মোস্তফা কামাল খোকন(৩৬), দাউদ মিয়া(৫৫), মো. সেলিম(১৭), মো. হানিফ(২৩) ও বিএনপি কর্মী মনির হোসেন(৪০)।
মাটিরাঙ্গা থানার ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে।
“পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
হামলায় মনির মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়লে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরাই অবরোধ বিরোধী কর্মসূচিতে হামলা চালিয়েছে।
