২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭ জনের প্রার্থিতা বাতিল

জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ের প্রথম দিনে চট্টগ্রামে বাদ পড়েছেন সাত মনোনয়ন প্রত্যাশী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সংসদীয় সাতটি আসনের ৩৩ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই চলে।

জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম-১, ২, ৩ ও ৬ নম্বর এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৪, ৫ ও ৮  আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

এর মধ্যে প্রার্থীদের সমর্থনে দেয়া এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নিজ দল থেকে মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ড. মাহমুদ হাসান এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের স্বতন্ত্র জামাল উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।

একই কারণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় মনোনয়ন না পাওয়া বর্তমান আওয়ামী লীগের সাংসদ আবুল কাশেম মাস্টারের মেয়ে সেলিনা আক্তারের মনোনয়ন বাতিল হয়েছে।

একই আসনে এক শতাংশ ভোটার তালিকা জমা না দেয়া এবং আওয়ামী লীগের প্রার্থী দাবি করে দলের মনোনয়নের কাগজ দিতে না পারায় মোস্তফা কামাল চৌধুরীর মনোনয়নপত্রও করা হয়েছে।

এদিকে দলের মূল মনোনয়নপত্র জমা না দেয়ায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) ন্যাপ প্রার্থী বাপন দাশ গুপ্ত এবং এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিনের মনোনয়ন বাতিল হয়।

এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে।

জেলা ও বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম-৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৯, ১০ ও ১১ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে।