ভিসা দিতে আঙুলের ছাপ নেবে কানাডা
ভিসা আবেদনকারী বাংলাদেশিদের আঙুলের ছাপ ও ডিজিটাল ছবি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কানাডা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ঢাকায় কানাডীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ডিসেম্বর থেকে ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ভিসা ও শ্রমিক ভিসার ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে।
কানাডা ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশে ভিসা আবেদনের ক্ষেত্রে ‘নিরাপত্তামূলক’ এই পদ্ধতি ইতোমধ্যে চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, নতুন এই পদ্ধতিটি চালু হলে তথ্য সংরক্ষণের মাধ্যমে ভিসা জালিয়াতি ও চুরি রোধ করে প্রকৃত ভ্রমণেচ্ছুদের ‘নিরাপত্তা’ নিশ্চিত করা সহজ হবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং জাপান ইতোমধ্যে একই ব্যবস্থা চালু করেছে বলে দূতাবাসের বিজ্ঞাতিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবি তুলতে এবং আঙুলের ছাপ দিতে আবেদনকারীদেরকে ভিসা আবেদন কেন্দ্রে (ভিএসি) যেতে হবে৷ আঙুলের ছাপ ও ছবির জন্য ফি হিসাবে দিতে হবে ৮৫ কানাডীয় ডলার, যার মধ্যে আবেদন সংক্রান্ত অন্যান্য ফিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে একই পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভ্রমণ ভিসার আবেদন করলে তাদের ১৭০ কানাডীয় ডলারের বেশি দিতে হবে না।
