ইবনে সিনা হাসপাতাল ঘিরে উত্তেজনা, ভাংচুর
রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতাল ঘিরে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, জামায়াত সমর্থকদের পরিচালিত ওই হাসপাতাল থেকে বুধবার দুপুরে অবরোধবিরোধী মিছিলে হামলা হলে সংঘর্ষ বাঁধে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টাকা বাকি রেখে চলে যাওয়ার চেষ্টার পর এক রোগীর স্বজনরা বাইরে থেকে লোক এনে ভাংচুর চালায়।
এ বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মহিলা রোগীর বিল নিয়ে ঝামেলার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিল না নিয়েই ওই রোগীকে ছেড়ে দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধরা হাসপাতালের বাইরের কিছু গ্লাস ভাংচুর করে।
পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ রাজমুশরী ইউনিটের সাধারণ সম্পাদক আহকামুর রহমান বাবুল বলেন, “অবরোধের বিরুদ্ধে আমাদের মিছিল ছিল। ইবনে সিনা হাসপাতালের ভেতর থেকে শিবির কর্মীরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। আমাদের কয়েকজন আহত হয়।”
তার বক্তব্য নাকচ করে হাসপাতালের উপ-ব্যবস্থাপক নিয়াজ মাকদুম শিবলী বলেন, “১৭ নভেম্বর এক রোগী আমাদের এখানে ভর্তি হয়। তার বিল হয়েছিল ৯৬ হাজার টাকা। কিন্তু টাকা না দিয়ে তারা রোগী নেয়ার চেষ্টা করে। তারপর বাইরের লোকজন জড়ো করে হামলা চালায়।”
হাসপাতালের মহাব্যবস্থাপক (প্রশাসনিক) আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বিল না নিয়েই রোগীকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেই। তাছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই আমাদের।”
এদিকে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের সাত কর্মচারীকে আটক করেছে পুলিশ।
সহকারী কমিশনার রেজাউল বলেন, “এখানে একটি ঘটনা ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তবে কোনো অভিযোগ না পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”
