২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই মামলা

বিরোধী দলের অবরোধের চতুর্থ দিনে চাঁদপুরে সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে পুলিশ।     

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, সংঘর্ষের দিন মঙ্গলবার রাতেই সাড়ে তিনশ’ জনকে আসামি করে এসআই প্রদীপ কুমার মামলা দুটি করেন।   

মামলায় ১০ জনের নাম উল্লেখ রয়েছে, বাকিরা অজ্ঞাত পরিচয়ের আসামি। তারা সবাই ১৮ দলীয় জোটের নেতা-কর্মী বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।   

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জেএম সেনগুপ্ত রোডে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের সময় গুলিতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় অন্তত ৩০ জন আহত হন।

নিহত সিয়াম (১৪) শিবির এবং রতন (১৮) ছাত্রদলকর্মী ছিলেন বলেও জানান মডেল থানার ওসি।

এদিকে দলের দুই কর্মী নিহতের প্রতিবাদে বুধবার চাঁদপুরে ১৮ দলীয় জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সকালে হরতালকারীরা চাঁদপুর-কুমিল্লা ও চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে  অবরোধ করে রাখে। বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিলও বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।