২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুজাতা সিংয়ের বৈঠক

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আধা ঘণ্টার ওই বৈঠক শেষে সুজাতা শুধু বলেন, “আই হ্যাড এ গুড মিটিং।”

সুজাতা সিংকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

গত অগাস্টে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বাংলাদেশে সুজাতা সিংয়ের প্রথম সফর।

দুই দিনের এই সফরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এই ভারতীয় কর্মকর্তার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সুজাতার সাক্ষাৎ হবে বুধবার দুপুরে। আর বিকালে বিরোধী দলীয় নেতার গুলশানের বাড়িতে যাবেন তিনি।

এছাড়া সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গেও তার মত বিনিময় করার কথা রয়েছে। 

সুজাতার আকস্মিক এই সফরের বিষয়বস্তু কোনো তরফেই জানানো হয়নি। তবে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফরকে রাজনৈতিক পর্যবেক্ষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন।

দুদিনের সফর শেষে বৃহস্পতিবারই ফিরে যাবেন সুজাতা। তার পরদিনই ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।

বাংলাদেশে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় প্রধান বিরোধী দল, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকার  গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে।

এর মধ্যে নির্বাচন কমিশন গত সোমবার তফসিল ঘোষণা করলে বিরোধী দল টানা অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাতে নিহত হয়েছে ৪০ জনেরও বেশি মানুষ।