কানসাটে হামলায় রক্ষা পায়নি কোরআনও
কানসাট আন্দোলনের নেতা ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম রব্বানী বলেছেন, “কানসাট আন্দোলনে পরাজিত শক্তি জামায়াত-বিএনপি আমার বাড়িতে হামলা, লুটপাট ও মালামালসহ কোরআন শরিফে অগ্নিসংযোগ করেছে।”
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে সোমবার দুপুরে রব্বানীর বাড়িতে হামলাকালে দুদলের সংঘর্ষে এলাকার খলিল মৃধার ছেলে রুবেল মৃধা (২৫) বোমার আঘাতে নিহত হন।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রব্বানীর বাড়ি এবং তার বড়ভাই আবু বাক্কার ফিটুর বাড়িতে আগুন দিয়ে মালামালসহ গাড়ি ও ট্রাক ভস্মীভূত করেছে হামলাকারীরা।
রব্বানীর বাড়ির নিচতলার ছয়টি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। ঘরের ভেতর থেকে আসছে পোড়া গন্ধ। বাইরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।
২০০৬ সালের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে এ বাড়ি থেকেই পল্লী বিদ্যুতের নানা হয়রানি বন্ধের এবং বিদ্যুতের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন রব্বানী। এলাকায় জনপ্রিয় হওয়ার পাশাপাশি দেশজুড়ে পরিচিতি পান তিনি।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন দেয়।
গত সোমবারের হামলার বর্ণনা করতে গিয়ে রব্বানী দেখান কীভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
হামলায় পুড়ে যাওয়া কোরআন শরিফ দেখিয়ে তিনি বলেন, “যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আজ ধর্মও নিরাপদ নয়। তাদের কাছে ধর্ম নিরাপদ হলে কোনোদিনও কোরআন শরিফে আগুন দিত না।”
আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় এ হামলার কারণ বলে উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত-বিএনপি জোট যত হুমকি-ধামকি দিক না কেন আমি সংসদ নির্বাচন থেকে সরে যাব না।”
গত সোমবারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “সেদিন ছিল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। তাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সকাল থেকে আমার বাড়ির সামনে জড়ো হতে থাকে।
প্রায় দেড় হাজার নিরস্ত্র সমর্থক হামলার আগে সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি।
“সোমবার জামায়াত-বিএনপি কর্মীরা বাধা দিতে পারে তাই আমি আগের দিন মনোনয়নপত্র জমা দেই। এ ব্যাপারটি আমাদের কর্মী-সমর্থকরা জানতো না।
“আমি ভেবেছিলাম জোহরের নামাজের পর তাদের বিষয়টি জানাবো এবং বাড়ি ফিরে যেতে বলবো।
“কিন্তু একথা জানানোর আগেই দুপুর ২টার দিকে জামায়াত-বিএনপির সমর্থকরা আমার বাড়িতে হামলা চালায়।”
হামলাকারীরা ধারালো অস্ত্র, বোমা, গান পাউডার ও পেট্রোল বোমা ব্যবহার করে এবং বাড়ির জানালা-দরজা ভাংচুর করে নিচ তলার ছয়টি ঘরের মালামাল সম্পূর্ণ ভষ্মীভূত করে বলে জানান তিনি।
এ সশস্ত্র হামলায় ভীত হয়ে তার সমর্থকরা বিভিন্ন দিকে ছুটে যায়।
তিনি বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা এবং কিছু সমর্থক ভয়ে দোতলার ছাদে আশ্রয় নেই।
“সেখানেও তারা বোমা ছোড়ে, কিন্তু আমরা অক্ষত ছিলাম।”
১৮ দলের সংবাদ সম্মেলন
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে ১৮ দলের সংবাদ সম্মেলনে জেলা বিএনপি-র সভাপতি শাহজাহান মিয়া বলেন, সোমবার দুপুরে ১৮ দলের কর্মীরা কানসাট ও পাইলিং মোড়ে সড়ক অবরোধ করছিল।
‘এ সময় খবর আসে গোলাম রাব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের রুবেলকে ধরে নিয়ে গুলি ও বোমা মেরে হত্যা করেছে।’
এ খবর শুনে তারা এবং গ্রামবাসী রব্বানীর বাড়ির অগ্রসর হলে সংঘর্ষ বাধে।
সংবাদ সম্মেলনে রুবেলকে কলেজ ছাত্র এবং ছাত্রদল কানসাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বলে দাবি করা হয়।
কিন্তু নিহত রুবেলের বাবা খলিল মৃধা বলেন, “বছর দশেক আগে আমার ছেলে কানসাট হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো। লেখাপড়া ছেড়ে দিয়ে এখন সে মিশুক চালাতো।”
রুবেল বিএনপির কর্মী ছিলেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে গোলাম রব্বানীর দাবি, “রুবেল তাদের নিজেদের বোমায় নিহত হয়েছে।”
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বানী ইসরাঈল জানান, ওই ঘটনায় কোন পক্ষই মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো মামলা করেনি।
তবে হামলার রাতেই আইনশৃংখলাবাহিনীর উপর আক্রমণের অভিযোগে অজ্ঞাত তিন হাজার লোকের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
