অভিভাবকহীন প্রতিবন্ধীর দায়িত্ব নেবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী
অভিভাবকহীন প্রতিবন্ধীদের ‘আজীবন লালন-পালনের জন্য’ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ২২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “অভিভাবকহীন প্রতিবন্ধীদের অভিভাবক হিসাবে রাষ্ট্র দায়িত্ব পালন করবে। সে পরিকল্পনা আমাদের আছে।”
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবন্ধীদের থাকা, খাওয়া, চিকিৎসা, সুরক্ষিত ব্যবস্থা এবং অভিভাবকত্ব গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।
“যারা অভিভাবকহীন প্রতিবন্ধী- তাদের আজীবন লালন-পালনের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে। ইনশাল্লাহ আমরা তা করব,” বলেন তিনি।
সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন করেছে সরকার। নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য অধিকার সুরক্ষার পাশাপাশি অভিভাবকহীন প্রতিবন্ধীর জীবনব্যাপী পরিচর্যা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
‘বাঁধ ভাঙো, দুয়ার খোলো; একীভূত সমাজ গড়ো’ প্রতিপাদ্য নিয়ে এ বছর প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
সমাজের সব ক্ষেত্রে প্রতিবন্ধীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সমাজকে একীভূত করার কোনো বিকল্প নেই। তাদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে একটি বড় বাঁধা। প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণে বাধাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে।
উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ, দুর্যোগ এবং তথ্য ও প্রযুক্তির নীতিমালায় তাদের কার্যক্রম অন্তর্ভুক্ত করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এসবের পাশাপাশি অধিকার ভিত্তিক আইন প্রণয়ন ও স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো করা হয়েছে।
জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদের (ইউএনসিআরপিডি) আলোকে নতুন আইন প্রণয়ন করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই আইনের মাধ্যমে এখন থেকে প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকত্ব ও সম্পদ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।”
