২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেইট এলাকা থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি তারা অবরোধ কিংবা হরতালে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে টাকার বিনিময়ে নাশকতায় অংশ নেয়।

গ্রেপ্তার তিন যুবক হলেন- মো. লোকমান (২২), মো. মিজান (২০) ও আল রীয়াজ (২১)।

বায়েজিদ থানার এসআই এসএম আতিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে টেক্সটাইল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”

এসময় তাদের তল্লাশি করে রীয়াজের সঙ্গে লাইট গান (এলজি), মিজানের চাপাতি ও লোকমানের পকেট থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

এসআই আতিক বলেন, “অবরোধ কিংবা হরতালে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে টাকার বিনিময়ে গ্রেপ্তাররা বিভিন্ন নাশকতায় অংশ নেয়।”

গত শনিবার নগরীর একে খান গেইট, অলংকার, কর্নেলহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের সময় অস্ত্র হাতে মুখ বাঁধা অনেক যুবককে দেখা গেছে।

গ্রেপ্তাররা তাদের মধ্যে কেউ কিনা বা ঐদিনের ঘটনায় জড়িত কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান এসআই আতিক।