পোড়া স্ট্যান্ডার্ড কারখানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ব্যবসায়ী নেতাদের আহ্বানে সাড়া দিয়ে গাজীপুরে ‘নাশকতার’ আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী গাজীপুরের কোনাবাড়িতে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা পরিদর্শনে যাওয়ার অর্থ হচ্ছে তিনি এ খাতের মঙ্গল চান। এতে বিদেশি ক্রেতাদের কাছে একটি বার্তা যাবে যে, প্রধানমন্ত্রী এ খাত নিয়ে ভাবছেন। এটা গার্মেন্ট শিল্পের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
গত বৃহস্পতিবার মধ্যরাতে মাইকে লোক জড়ো করে কোনাবাড়ির জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা কমপ্লেক্সের তিনটি ভবন ও দুটি শেডে ভাংচুর করে আগুন দেয়া হয়।
আগুনে একটি ১০ তলা ও দুটি ছয় তলা ভবনের প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
ফাইল ছবি
ওই রাতে রপ্তানির জন্য তৈরি পোশাক বোঝাই সাতটি কভার্ড ভ্যানসহ প্রতিষ্ঠানের মোট ৩১টি গাড়িতেও আগুন দেয়া হয়।
এই প্রতিষ্ঠানটিকে আবার ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তার হাত বাড়াবেন বলেও আশা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি।
রাজনৈতিক সংঘাতে তৈরি পোশাক শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে সোমবার রাতে আতিকুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ব্যবসায়ী নেতারা।
ওই বৈঠকেই প্রধানমন্ত্রীকে স্ট্যান্ডার্ড গ্রুপের ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনের অনুরোধ করা হয় বলে বিজিএমইএ সভাপতি জানান।
