২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের বলি আরো দুই চালক

বিরোধী দলের অবরোধের তৃতীয় দিন সোমবার রাতে ধাওয়ায় মুখে লালমনিরহাটে ট্রাক এবং চট্টগ্রামে অটোরিকশা উল্টে দুই চালক নিহত হয়েছেন। এছাড়া সাভারে চলন্তবাসে বোমা হামলায় আহত হয়েছেন তিনজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 01:37 AM

Updated : 25 Apr 2022, 07:37 PM

পাটগ্রাম উপজেলায় অবরোধকারীদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাক উল্টে চালক নিহত এবং তার সহকারী আহত হন।   

নিহত চালক মমিনুর রহমান (২৩) পাটগ্রাম পৌর এলাকার মির্জারকোট এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাফিউল ইসলাম। আহত সহকারী জামাল হোসেন (২৫) একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

রাত ৮ টায় জেলার পাটগ্রামের কাফিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি মেহরাব হোসেন জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, লালমনিরহাট -বুড়িমারী স্থলবন্দর থেকে মহাসড়কের কাফিরবাজার হয়ে পাটগ্রাম যাচ্ছিল ট্রাকটি। এ সময় অবরোধকারীরা ট্রাকটিকে পেছন থেকে ধাওয়া করে। চালক মমিন ভীত হয়ে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করলে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে যায় ।

এতে ঘটনাস্থলেই মমিনের মৃত্যু হয়।  গুরুতর আহত অবস্থায় তার সহকারী জামাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামের ঘটনাটি ঘটেছে রাত ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার ভবানীপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে।

নিহত চালকের নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক গোডাউন এলাকার মুন্সি ফকিরের ছেলে। 

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ ওলি জানান, ভবানীপুরের কর্নফুলি জুটমিলের সামনে যাত্রীবাহী অটোরিকশাটি এলে একদল অবরোধকারী ধাওয়া করে এবং ইট ছোড়ে।

এতে চালক ইসমাইল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি উল্টে যায়। স্থানীয় থানা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় অটোরিকশা আরোহী এক ব্যক্তি আহত হয়েছেন। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রোববার বলেছিলেন, বিরোধী দলের সাম্প্রতিক অবরোধ-হরতালে ৪০ জন চালক নিহত হয়েছেন।

এদিকে, সাভারে চলন্ত বাসে হাতবোমা ও পেট্রোলবোমা ছোড়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রাত পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়ীয়া এলাকায় ঢাকাগামী বাসটিতে হামলা করে দুর্বৃত্তরা।

আহত তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- নজরুল ইসলাম (৩৫), তার ছোট বোন রেহানা (২৫) এবং রতন কুমার সাহা (৫২)।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক।

সাভারে মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করায় বাসটি যাত্রী নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে গাড়িতে আগুন লেগে যায়।

অচেতন রতনকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি সাভারে আনোয়ার হোসেন মঞ্জুর একটি পোশাক কারখানায় চাকরি করেন। ওই কারখানার একটি পরিচয়পত্র পাওয়া গেছে তার কাছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শওকত আলী বলেন, “রতন কুমার সাহার মাথার আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”

আহতদের কেউই দগ্ধ হননি। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হতে পারেন বলে ধারণা করছেন শওকত।

পুরনো খবর:

শিবিরের ‘বড় ভাইদের’ নির্দেশে বাসে আগুন দেন হারুন
ধামরাইয়ে পেট্রোল বোমাসহ যুবদল নেতা গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের গাড়িতে আগুন
যাত্রাবাড়িতে দুই বাহনে আগুন