২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে পেট্রোল বোমাসহ যুবদল নেতা গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে পেট্রোল বোমাসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

গ্রেপ্তার আনিছুর রহমান (৩৫) ধামরাই পৌর যুবদলের সহ-সভাপতি।

রোববার মধ্যরাতে ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে এক লিটারের বোতলে তৈরি একটি পেট্রোল বোমা পাওয়া যায় বলে ধামরাই থানার ওসি আব্দুর রশিদ জানান।

এছাড়া নাশকতা সৃষ্টির অভিযোগে রাতে সবুজবাগ এলাকা থেকে  সাভার পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লাকে (৩২) গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান।

অবরোধকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে একটি বাসে আগুন ও কয়েকটি যানবাহন ভাংচুর এবং দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার থানার ওসি বলেন,  সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রাঙ্গাবন নার্সারীর গলির ভিতর থেকে বেরিয়ে মহাসড়কে  যানবাহনে হাতবোমা নিক্ষেপ করে।

দুটি হাতবোমার বিস্ফোর ঘটে।  অবিস্ফোরিত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করা হয়।

এছাড়া  ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক স্থানে একটি বাসে আগুন এবং কয়েকটি যানবাহন ভাংচুর করেছে অবরোধকারীরা।

ধামরাই থানার ওসি  জানান, যুবদল নেতা আনিছুরকে গ্রেপ্তারের পর  কেলিয়া বাসস্ট্যান্ডের কাছে  মহাসড়কের পাশে অপেক্ষমাণ একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময়  কয়েকটি যানবাহনের কাচ ভাংচুর করে তারা।

এদিকে  সোমবার সকাল  ১০টার দিকে ধামরাইয়ের ক্লামপুর বাজারে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন দেওয়ানের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল করেছে ১৮ দলের নেতা-কর্মীরা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান  বলেন, সকাল সাড়ে ৬টার দিকে অবরোধকারীরা আশুলিয়ার ইউনিক এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সকাল থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।