পাবনায় রেলসেতুর গার্ডারে ধাক্কায় নিহত ৩
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর গার্ডারের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমণকারী তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানায়, রোববার গভীর রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি প্রশসান ও পুলিশের নজরে আসে অনেক পরে।
ভাঙ্গুড়ার বড়ালব্রীজ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তালুকদার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার আশংকায় ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে দেরিতে আসা আন্তঃনগর সিল্কসিটি ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাত অনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেতুর গার্ডারে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে ভ্রমণকারী অজ্ঞাত পরিচয় ২ জন নদীতে ছিটকে পরে মারা যান। আরো দুইজন লাইনের উপর পড়েন।
এরপর ভাঙ্গুড়া থেকে পাবনা নেয়ার পথে মারা যান সোহল রানা (২৫)। তিনি পাবনা শহরের বলরামপুর মহল্লার আব্দুস ছাত্তারের ছেলে এবং ভাঙ্গাড়ির ব্যবসা করতেন।
সোহেল রানার বন্ধু ও পাবনা শহরের পৈলানপুর মহল্লার বাসিন্দা সুজনকে (২৭) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নিহত সোহেলে ভগ্নিপতি মোজাম্মেল হক।
ভাঙ্গুড়া থানার ওসি সুব্রত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকালে শুনেছেন ৩ জন মারা গেছেন। ওই ব্রীজে মাঝেমধ্যেই এরকম দুঘর্টনা ঘটে থাকে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
