২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল নাশকতা: রাজশাহীতে মামলা

রাজশাহীর জোকুয়ার বিলে রেল লাইনে নাশকতার একদিন পর মামলা করেছে রেল পুলিশ, গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

ঈশ্বরদী জিআরপি থানার ওসি এনামুল হক জানান, রোববার রাতে দায়ের করা এ মামলায় অজ্ঞাতপরিচয় দুস্কৃতিদের আসামি করা হয়েছে।

এদিকে মামলা হওয়ার পর সোমবার ভোরে চারঘাট থানা পুলিশের সহযোগিতায় সলুয়া থেকে সোহেল রানা ও আজগর আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

এদের মধ্যে সোহেল শিবির এবং আজগর জামায়াত কর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চারঘাট থানার ওসি গোলাম মর্তুজা। 

অবরোধের মধ্যে গত শনিবার গভীর রাতে দৃর্বৃত্তরা চারঘাট উপজেলার সলুয়া এলাকার জোকুয়ার বিলের রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেললে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, ঘটনা তদন্তে সোমবার চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার বিকেলের মধ্যে লাইন মেরামত কাজ শেষ হতে পারে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহাব্যবস্থাপক বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর শনিবার রাত থেকেই রাজশাহীর সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

“লাইন মেরামতের কাজ চলছে। বিকল্প ব্যবস্থায় ঘটনাস্থালে যাত্রীদের এক ট্রেন থেকে অন্য ট্রেনে পারাপার করে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।”