২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরা এলাকায়, স্থবির সচিবালয়

নির্বাচনী কাজে মন্ত্রীদের অধিকাংশ নিজ নিজ এলাকায় অবস্থান করায় প্রশাসনে অনেকটাই স্থবিরতা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সচিবালয় ঘুরে প্রশাসনের কাজে মন্থর গতি লক্ষ্য করা গেছে। বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীকেই অলস সময় পার করতে দেখা যায়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান শিকদার দাবি করেছেন, প্রশাসনের কাজে কোনো স্থবিরতা নেই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন মন্ত্রণালয়ের কে এল না এল, তা আমার দেখার বিষয় নয়। তবে প্রশাসনের কাজে কোনো স্থবিরতা লক্ষ্য করছি না।”

তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন। আর সোমবারই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

অন্য সোমবার মন্ত্রিসভার বৈঠক হলেও সোমবার (২ ডিসেম্বর) এই বৈঠক হয়নি। সকাল থেকে শুধু যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে অফিস করেছেন। অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেননি।

শিক্ষা মন্ত্রণালেয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজের নির্বাচনী এলাকা সিলেটে অবস্থান করছেন।

আগামী রোববার শিক্ষামন্ত্রী অফিস করবেন বলে জানান তিনি।

সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন নাহিদ।

গত ২১ নভেম্বর পুরনো মন্ত্রিসভার ৩০ জনকে বাদ দিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা পনর্গঠন করে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১ জন মন্ত্রী ও সাত প্রতিমন্ত্রী এই মন্ত্রিসভায় রয়েছেন।

বর্তমানে মন্ত্রিসভায় থাকা সবাই আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আগামী ২৪ জানুয়ারি পর্ন্ত এই মন্ত্রিসভা দায়িত্বে থাকবে।