রাজধানীতে ইসি কর্মীর লাশ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে নির্বাচন কমিশনের এক অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিজানুর রহমান মিণ্টু (৪৫) সূত্রাপুর থানা নির্বাচন কার্যালয়ের একজন অফিস সহকারী ছিলেন।
কারা কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, রোববার রাত ১১টায় সেগুনবাগিচার এনএসআই গলিতে রাস্তার পাশে মিজানের লাশ পাওয়া যায়।
“তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় সামান্য দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
প্রথমে নাম জানা না গেলেও ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হলে সোমবার দুপুরে সেখানে মিজানুরের পরিচয় নিশ্চিত করেন তার ছোট ভাই মাসুদুর রহমান।
মাসুদ জানান, সোমবার রাতে মিজানুর তার স্ত্রী নাজনীনকে ফোনে জানান, তিনি গুলিস্তানের কাছাকাছি রয়েছেন। এরপরও বাসায় না ফেরায় রাত সাড়ে ৯টার দিকে তাকে ফোন করে বন্ধ পান নাজনীন।
“অনেক খোঁজাখোঁজির পরও রাতে ভাইকে না পেয়ে ভাবী সকালে পল্টন থানায় জিডি করে। দুপুরে খবর পেয়ে মর্গে এসে ভাইয়ের লাশ পাই।”
মিজানুরের সহকর্মী ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার অফিস শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তারা একইসঙ্গে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন।
তবে কারা মিজানুরকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফিরোজ।
তিনি বলেন, “মিজানুরের সঙ্গে কারো বিরোধ ছিল বলে আমি শুনিনি। কারো সঙ্গে সমস্যা হচ্ছিল কি-না তাও আমাকে বলেনি।”
মিজানুরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। তিনি ঢাকায় পূর্ব ধোলাইপার এলাকায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
