২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোল বোমায় চালক দগ্ধ

বিরোধী দলের অবরোধের মধ্যে রোববার রাতে চট্টগ্রামে পেট্রোল বোমায় পুড়েছেন এক অটোরিকশা চালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 12:29 AM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রাত ১০টার দিকে হাটহাজারী এলাকা এই ঘটনা ঘটে বলে হাটহাজারী থানার উপপরিদর্শক নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, হাটহাজারীর মির্জাপুর এলাকায় যাত্রীবাহী অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হলে চালকসহ তিন জন আহত হন।

আহতদের মধ্যে চালক আব্দুল আজিজকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

আহত অন্য দুজনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রাইভেট কার এবং কুমিরায় একটি ট্রাকে আগুন দেয়া হয় বলে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে রাত ৯টার দিকে প্রাণ গ্রুপের একটি গাড়িতে আগুন দেয়া হয়।

গাড়িটির চালক ওমর ফারুক জানান, গাজীপুরের কালীগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জগত বাজার যাওয়ার সময় চান্দিয়ারা এলাকায় ৭/৮ জন যুবক রাস্তায় আগুন ধরায়। তিনি গাড়ি থামালে তারা পেট্রোল ঢেলে গাড়িটিতেও আগুন ধরিয়ে দেয়।

৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন শনিবার রাতে গাজীপুরের কালীগঞ্জে কলাবাহী একটি ট্রাকে দেয়া আগুনে চালক ও তার সহকারী দগ্ধ হন। 

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূইয়া জানান, রাত সোয়া ১০টার দিকে উপজেলার মুলগাঁও এলাকায় ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কে বগুড়া থেকে নরসিংদীগামী কলাবাহী ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় এবং দুই জন দগ্ধ হন।

চালক মো. মিনু মিয়া (৪২) ও তার সহকারী মো. রুবেলকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের রাতে রাজধানীর মালিবাগে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়। আগের অবরোধে বাসে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ ১৬ জন এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ওই ঘটনায় অগ্নিদগ্ধ দুজন মারা গেছেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিরোধী দলের সাম্প্রতিক আন্দোলনে নাশকতার শিকার হয়ে ৪০ জন চালক মারা গেছেন।

পুরনো খবর:

গাজীপুরে ট্রাকে আগুন, চালকসহ দুইজন দ্গ্ধ
পথচারীর ওপর বোমাক্রান্ত বাস, হতাহত ৬