পথচারীর ওপর বোমাক্রান্ত বাস, হতাহত ৬
বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় পেট্রোল বোমায় আক্রান্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার জানান, আহতরা জানিয়েছেন হঠাৎ করে সুপ্রভাত নামে বাসটি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুটপাতে উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান।
নিহতের নাম হাবিবুর রহমান। তার পকেটে পরিচয়পত্র ছিল।
তার ভাই হুমায়ুন কবির হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাবিবুর রহমান একজন কাপড় ব্যবসায়ী। উত্তরার তিন নম্বর সেক্টরে ৮নম্বর সড়কে স্ত্রী সানিকে নিয়ে থাকতেন তিনি।
আহতরা হলেন, ব্যবসায়ি মহিউদ্দিন (৪৫)। তিনি প্রতিবন্ধী। তার বাঁ পা ভেঙে গেছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়া (৪৫)। তার বাম হাত গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাস চালকের সহকারী মনির হোসেন (২৮)। তার বাম হাত ভেঙে গেছে এবং শরীরের উপর অংশ ঝলছে গেছে।
এছাড়া গুলশানের কালা চাঁদপুর স্কুল রোডের রুবী জুয়েলার্সের কর্মচারী রেজাউল করিম (৪০) ও এলিফেন্ট রোডের একটি পোশাকের দোকানের কর্মচারী এহসানুল হাসানের (৩০) পিঠ ঝলছে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন এ ঘটনায় যে তিনজন এসেছেন তাদের শরীর সর্বোচ্চ শতকরা ১০ভাগ পুড়েছে।
আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় তিনি যাত্রীদের আর্ত চিৎকার শুনেনে। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি ফুটপাতে উঠে যায়। তিনি ছুটে গিয়ে দেখেন বাসের সামনে এক ব্যক্তি পড়ে আছেন, যার বাম হাত ছিল শরীর থেকে বিচ্ছিন্ন।
দগ্ধ রেজাউল করিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদক কামাল তালুকদার জানান, চালকের পেছনে একটি আসনের পর তার আসন ছিল। হঠাৎ ডান দিক থেকে দুইটি আগুনের কুন্ডলি গাড়ির ভেতরে এসে পড়লে আগুন ধরে যায়।
অন্যদের মতো সেও হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়ে। এসময় তিনি দগ্ধ হন।
রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে চলন্ত বাসে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।
