ইউএনওর ওপর হামলা: মণিরামপুরে আটক ৮
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম।
শনিবার সড়ক অবরোধ তুলে দিতে ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে মণিরামপুর উপজেলায় যাওয়ার পর এ হামলা চালান বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এতে ইউএনওর মাথা ফেটে যায়। আহত হন ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির ফজলুর রহমানসহ ৫৪ জনের নাম উল্লেখ করে বিএনপি জামায়াতের ১২শ’ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ওসি মীর রেজাউল ইসলাম জানান, রোববার সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে উপজেলার ভোজগাতী ইউনিয়নের গ্রামগুলোতে অভিযান চালায়।
আটকরা হচ্ছেন- মোশারফ হোসেন (২২), আনোয়ার হোসেন (২৪), আজগার আলী (২১), মোকাছেল (৪০), আবু তালহা (২২), বারিক (৫৪), রফিকুল ইসলাম (৫০) ও মিজানুর রহমান (৩৭)।
