‘লোটো পোটো খাও, মালাউন খতম কর’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ত্রয়োদশ সাক্ষী সুধাংশু মণ্ডল।
সাক্ষ্যে তিনি জানান, ১৯৭১ সালের ১৯ এপ্রিল বাগেরহাটের রামপালে শান্তি কমিটির এক সভায় ইউসুফ তার সহযোগী ৩০-৩৫ জন রাজাকার সঙ্গে নিয়ে আসেন। সভায় তিনি তার বক্তব্যে স্থানীয় হিন্দু নারী ও তাদের সম্পত্তিকে ‘গনিমতের মাল’ ঘোষণা দিয়ে লুটপাট ও হত্যার নির্দেশ দেন।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রোববার সাক্ষ্য দেন ৫৯ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা।
বাগেরহাটে রামপাল থানার টেংরামারী গ্রামের কৃষক সুধাংশু মুক্তিযুদ্ধের সময় স্থানীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন।
সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৯ এপ্রিল রামপাল অডিটরিয়ামে শান্তি কমিটির এক সভা চলছিল। বেলা ৩টা-সাড়ে ৩টার দিকে বাগেরহাট থেকে ৩০-৩৫ জন লোক নিয়ে একটি লঞ্চ রামপাল কলেজ ঘাটে এসে ভিড়ে।
ওই লঞ্চ থেকে নেমে ওই ৩০-৩৫ জন ‘পাকিস্তান জিন্দাবাদ, একেএম ইউসুফ আলী জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে অডিটরিয়ামে ঢোকে।
শান্তি কমিটির ওই সভায় স্থানীয় রজ্জব আলী, মোজাম ডাক্তার, মোসলেম ডাক্তারের ইউসুফ বক্তব্য দেন বলে সুধাংশু জানান।
“বক্তব্যে ইউসুফ আলী বলেছিলেন, ‘মালাউন খতম কর, এদেশ হিন্দুদের নয়, এদেশ মুসলমানের, মহিলাসহ হিন্দুদের মালামাল গনিমতের মাল। এ সবাই ভোগ করতে পারে, এতে কোনো অপরাধ নাই।’ সর্বশেষ বলেছিলেন, ‘লোটো পোটো খাও, মালাউন খতম করো’।”
তার ওই বক্তব্যের পরপরই রামপাল সদরে যাদব মিস্ত্রির বাড়িতে হামলা হয় বলে সাক্ষী জানান।
তিনি আরো বলেন, “১৯৭১ সালের ২১ মে রামপাল থানার ডাকরা কালীবাড়িতে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী এসে আশ্রয় নেন, সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার জন্য যাত্রা বিরতি করেছিলেন তারা। ইউসুফ তখন স্থানীয় রাজাকার রজ্জব আলী, সিরাজ মাস্টারকে নির্দেশ দেন কালীবাড়িতে আশ্রয় নেয়া হিন্দু লোকজনদের মেরে ফেলার জন্য।”
ডাকরা কালীবাড়িতে আশ্রয় নেয়া পাঁচ-ছয়শ’ হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়। তখন বেঁচে যাওয়া নারায়ণ চৌকিদারের নামও সাক্ষ্যে উল্লেখ করেন সুধাংশু।
সাক্ষী জানান, এ ঘটনার পর ১৯৭১ সালে ২২ মে টেংরামারী গ্রামের লোকজনের সঙ্গে বাবা-মাসহ তিনি নিজেও ভারতের বশিরহাটে যেয়ে আশ্রয় নেন। সেখানে মা-বাবাকে রেখে চলে যান চাকুলিয়াতে। সেখানে ২৭ দিন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেয়ার পর আফজাল কমান্ডারের সঙ্গে ৯ নম্বর সেক্টর দিয়ে তারা বাংলাদেশে আসেন।
সাক্ষ্য শেষে কাঠগড়ায় থাকা একেএম ইউসুফকে সনাক্ত করেন সুধাংশু মন্ডল।
এরপর সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামীম।পরে তার আবেদনে জেরা অসমাপ্ত রেখেই সোমবার পরযন্ত মামলার কারযক্রম মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।
