ট্রাক চালককে অগ্নিদগ্ধ: ছাত্রদল নেতা গ্রেপ্তার
ট্রাকচালকের গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়ার মামলায় ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩০) কারাগারে পাঠানো হয়।
শনিবার রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বায়তুল আমান এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, গত ২৪ নভেম্বর রাতে ফরিদপুর শহরের বাইপাস সড়কে ট্রাক চালকের গায়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। ওই মামলায় অনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অগ্নিদগ্ধ ট্রাক চালক খালেক শেখকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
