পাঁচবিবির ভাইস চেয়ারম্যান হামলায় আহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবুসহ (৫৫) দুইজন ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।
শনিবার রাতে বীরনগর মহিষমর্দন এলাকায় এ হামলায় আহত আরেকজন হলেন জেলা কৃষক দলের সহসভাপতি নিয়াজ উদ্দীন (৪৫)।
রাতেই তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাঁচবিবি থানার ওসি নুর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি সদর থেকে তারা দুজন একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বীরনগর মহিষমর্দন এলাকায় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে এবং দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুজনকে হাসপাতালে নিয়ে যায়।
আহতরা পরে মামলা করবেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বলেন ওসি।
