২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী মনোনয়নে তৃণমূলে ক্ষোভ

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাতিলের দাবি উঠেছে নেত্রকোনা ও মানিকগঞ্জে।

মানিকগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনা/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নেত্রকোনা-৪ আসনে সাংসদ রেবেকা মমিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় নেতা শফি আহমেদকে দেয়ার দাবিতে রোববার মদন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

দুপুরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, এখলাছ খান প্রমুখ।

বক্তারা বলেন, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরিবাসীর প্রাণের দাবি-  জনবিচ্ছিন্ন রেবেকা মমিনের মনোনয়ন বাতিল করে এ আসনে শফি আহমেদকে মনোনয়ন দেয়া হোক।

এদিকে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পুর্নর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে ঘিওর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে এক সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহ-সভাপতি একরামুল হক, যুগ্মসম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান আলাই, সাংগঠনিক সম্পাদক আজিম বাবু, অপর সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঘিওর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

আবদুল খালেক বলেন, এ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালামকে প্রার্থী হিসেবে চান। ৩২ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে সমসময় এ নেতা মানুষের পাশে ছিলেন।

এ আসনে জয়ী হতে হলে দলীয় মনোনয়ন পুর্নর্বিবেচনার দাবি জানান তিনি।

হামিদুর রহমান আলাই বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে মানিকগঞ্জে সংগঠিত করতে আবদুস সালাম দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। তাকে তারা দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুক্রবার প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষণায় মানিকগঞ্জ-১ আসনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে প্রার্থী মনোনীত করা হয়।