২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অর্থ আত্মসাৎ করে এনজিও লাপাত্তা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্রাহকদের ৬০ লাখ নিয়ে উধাও হয়ে গেছে একটি এনজিওর কর্মীরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

পৌরসভার পূর্ব বাগুনীপাড়া এলাকার রূপসী বাংলা ফাউন্ডেশন (আরবিএফ) নামে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয়ে গিয়ে শনিবার সকালে তালা ঝুলতে দেখেন গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, ৩ মাস আগে রূপসী বাংলা ফাউন্ডেশন (আরবিএফ) নামে একটি এনজিও শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়ায় প্রজেক্ট অফিস খোলে। পরে এনজিওর কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রতি এক লাখ টাকার বিপরীতে ২০ হাজার টাকা হারে জামানত নেয়।

এ হিসেবে ঋণ দেয়ার আগেই তারা ৩ শতাধিক গ্রাহকের কাছ থেকে অন্তত ৬০ লাখ টাকা জামানত সংগ্রহ করে। গ্রাহকদের প্রত্যেককেই শনিবার থেকে পর্যায়ক্রমে ঋণ দেওয়া হবে বলে অফিস থেকে জানানো হয়েছিল।

সকালে জরিনা বেগম (৩০), জাহানারা বেগম (৩০), আব্দুস শহীদ (৪০), আবুল হোসেন (৩২), নিলু বাণু (৩০) ও আবুল কালামসহ (৩০) শতাধিক ব্যক্তি অফিসে এসে তালা ঝুলতে দেখেন।

এ ব্যাপারে জানতে রূপসী বাংলা ফাউন্ডেশনের এক কর্মকর্তার (নাম জানা যায়নি) মোবাইল ফোন নম্বর ০১৯৬৫২৭৯০৮৮ এ কয়েকবার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি বলেন, রূপসী বাংলা ফাউন্ডেশন নামে কোনো সংস্থা প্রজেক্ট অফিস খোলার জন্য পৌরসভার অনুমোদন নেয়নি।

শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।