২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলতি শিক্ষাবর্ষের দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

পাশাপাশি শনিবার না হওয়া দুটি ইউনিটের পরীক্ষার তারিখও পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ই’ ইউনিটে (আইন অনুষদে) ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

এ মৌখিক পরীক্ষাটি শনিবার হওয়ার কথা ছিল।

এদিকে স্থগিত হওয়া শনিবারের কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষাগুলো ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

তিনি জানান, কলা ও মানববিদ্যা অনুষদের বি-২ (আরবি, ইসলামিক স্টাডিজ), বি-৪ (পালি), বি-৫ (নাট্যকলা) ও বি-৬ (সংস্কৃত) এর পরীক্ষা ৬ ডিসেম্বর সকালে এবং বি-৩ (চারুকলা) ও বি-৭ (আইইআরটি) বিষয়ের পরীক্ষা ৬ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হবে।

পাশাপাশি আগামী ৭ ডিসেম্বর নির্ধারিত থাকা দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

আকবর হোছাইন বলেন, ৭ ডিসেম্বরের পূর্ব নির্ধারিত জীব বিজ্ঞান অনুষদের (এইচ ১,২,৩) ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর সকালে এবং ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের (জি ইউনিট) পরীক্ষা ১৩ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হবে।

এসব পরীক্ষার পূর্ব ঘোষিত কেন্দ্র ও সময় অপরিবর্তিত থাকবে।