অবরোধে আটক: কোটি টাকার কাঁচামাল নষ্টের ঝুঁকিতে
অবরোধের কারণে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে আটকা দুশতাধিক পণ্যবাহী ট্রাকের বিপুল কাঁচামাল পচে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
তফসিল প্রত্যাখান করে এবং দেশব্যাপী নেতাকর্মীদের উপর হামলায় প্রতিবাদে দ্বিতীয় দফা ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শনিবার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আটকে পড়েছে দুশতাধিক ট্রাক। এসব ট্রাকে রয়েছে কয়েক কোটি টাকার কাচাঁমাল। তিনদিন এখানে আটকে থাকরে এগুলো একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া পেট্রোল বোমা হামলার আশঙ্কাও করছেন অবস্থানরত এসব ট্রাকের চালকরা।
ট্রাক চালক মো. আলমগীর হোসেন বলেন, তিনি সাতক্ষীরা থেকে মাছ নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য শুক্রবার রাতে পদ্মা পাড়ি দিয়ে মাওয়া ঘাটে আসেন।
এখানে তিনদিন বসে থাকলে সব মাছই পচে যাবে বলে জানান তিনি।
আরেক ট্রাকের চালক মো. বাবু বলেন, এখানে ৩/৪দিন আটকে থাকলে খাওয়া দাওয়াসহ অতিরিক্ত সময় এখানে ব্যয় হবে তার। এই অতিরিক্ত দিনগুলোর কোনো ভাড়া পাওয়া যাবে না। তাই চিন্তিত।
তিনি বলেন, “এভাবে হরতাল অবরোধ দিয়ে গরীবের পেটে লাথি না দিয়ে বিকল্প কর্মসূচি দেউক তারা।”
একই অবস্থা ট্রাক চালক মো. শাহীন মিয়া, নুরুল ইসলাম, শফিক দেওয়ানসহ অনেকের।
কেউ সবজি নিয়ে, কেউ মাছ নিয়ে কেউ অন্য সামগ্রী নিয়ে আটকে আছেন মাওয়ার এ ঘাটে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, দুপাড়ে পারের অপেক্ষায় প্রায় ২শ’ গাড়ি রয়েছে। ঘাটে ফেরি পর্যাপ্ত রয়েছে।
তিনি বলেন, “ট্রাকগুলো ওইপাড় থেকে মাওয়া প্রান্তে এসে জমা হচ্ছে। অবরোধের কারণে এখানে এসে আটকা পড়ছে।
ট্রাকগুলোর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
