২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমায় পুলিশ সদস্য আহত

বন্দর নগরীর চান্দগাঁও এলাকায় অবরোধকারীদের ছোড়া হাতবোমায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য, এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 11:42 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার সকালে ওই বিস্ফোরণে পায়ে আঘাত পান চান্দগাঁও থানার কনস্টেবল অঞ্জন চৌধুরী, তাকে দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ জানান, সকাল ৯টার দিকে হওয়া অঞ্জনের ওপর হামলার পর আটক করা হয়েছে দুজনকে। 

এরা হলেন- ফাহাদ বিন ফারুকী (১৯) ও মো. কামাল (৩০)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই এলাকায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে একদল দুর্র্বত্তরা। এতে আহত হন দায়িত্বরত কনস্টেবল অঞ্জন।

এদিকে বিরোধী জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনেই বন্দর নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

নগরীতে ছয় প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে বলে জানান তিনি।