সাতক্ষীরায় সরকার সমর্থক দুই নেতা হত্যায় মামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগ দুই নেতাকে হত্যার ঘটনায় দুইটি মামলা হয়েছে।
বুধবার রাতে যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাবুর চাচাতো ভাই আব্দার রহমান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলামের বাবা মজিবুর রহমান বাদি হয়ে কলারোয়া থানায় এ মামলা করেন।
তফসিল প্রত্যাখান করে বিরোধী দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে পিটিয়ে মেরে ফেলে জামায়াত-শিবির কর্মীরা।
কলারোয়া থানার ওসি শাহদারা খান জানান, বাবু হত্যা মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে।
আর রবিউলহত্যা মামলায় ২৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত দুই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান।
