পীরগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তফসিল প্রত্যাখান করে ডাকা বিএনপির অবরোধের তৃতীয়দিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইউএনও কার্যালয়ের সামনে ৩/৪ হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম।
তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে এ ঘটনায় জড়িত অভিযোগে বিএনপি, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলা বিএনপির সদস্য মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হান্নান মিঠু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য পিন্টু, আব্দুল হামিদ মন্ডল, হুজুর আলী ও পলাশ।
ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমা ফাটানোর পরই পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
হাতবোমা বিস্ফোরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
