২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ মামলা: আমীর খসরু, মীর নাছির আসামি

বন্দরনগরীতে অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ-ভাংচুরের ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিরোধী দলীয় জোটের নয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এর মধ্যে চারটি মামলা করেছে নগরীর কোতোয়ালি, চকবাজার, পাহাড়তলী ও আকবর শাহ থানার পুলিশ।  

আর অবরোধকারীদের হামলায় টেম্পোচালক নিহত হওয়া ঘটনায় তার ভাই বাদি হয়ে কর্ণফুলী থানায় দায়ের করেছেন একটি হত্যা মামলা।

নগরীর আলমাস সিনেমা মোড় ও চট্টেশ্বরী মোড়ে অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কোতোয়ালি ও চকবাজার থানায় করা মামলায় নগর বিএনপির সভাপতি ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেনকে আসামি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আতিক আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার অবরোধের মধ্যে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আমীর খসরু, গোলাম আকবর, মীর নাছির, ডা. শাহদাতসহ যুবদল ও ছাত্রদলের ৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতপরিচয় আরো অনেককে আসামি করেছেন মামলার বাদি এসআই শিবেন।

কোতোয়ালী থানার এসআই উৎপল বড়ুয়া জানান, যানবাহন ভাংচুর ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায়ও ওই বিএনপি নেতাদের আসামি করা হয়েছে।

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে নগরীর কর্নেল হাট, একে খান মোড়, সিটি গেইটসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাহাড়তলী ও আকবর শাহ থানায় পুলিশ দুটি মামলা করেছে।

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, এসআই আবুল খায়ের যে মামলাটি করেছেন, তাতে আসামি করা হয়েছে অন্তত সাড়ে তিনশ জনকে।  

আর এসআই আনোয়ারের করা মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো চার থেকে পাঁচশ লোককে আসামি করা হয়েছে বলে জানান আকবার শাহ থানার এসআই মনির হোসেন।    

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার নিহত টেম্পো চালক এরশাদ আলীর ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামালা দায়ের করেছেন।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার এ জে চৌধুরী কলেজ বাজারের কাছে অবরোধকারীদের হামলায় টেম্পো উল্টে নিহত হন পটিয়া উপজেলার বরিয়া গ্রামের মোহাম্মদ এরশাদ (২৫)।