নাশকতা: চট্টগ্রামের পথে ট্রেন বন্ধ
বিরোধীদলের অবরোধের মধ্যে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় কুমিল্লার অশোকতলায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ফলে তাৎক্ষণিকভাবে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চালক জালাল আহমদ জানান, কুমিল্লা স্টেশনে থামার কথা ছিল বলে প্রায় এক কিলোমিটার আগে অশোকতলার কাছাকাছি এসে ট্রেনের গতি কমিয়ে এনেছিলেন। তা না হলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ভোরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। মেরামত হয়ে গেলেই আবার ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।
লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল লাকসাম এবং তূর্ণানিশিথা ফেনী স্টেশনে আটকে আছে।
গত মঙ্গলবার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই অবরোধের মধ্যে সারা দেশে রেলপথ লক্ষ্য করে ব্যাপক নাশকতা চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলায় এবং ফিসপ্লেট খুলে ফেলায় দুর্ঘটনায় পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
কয়েকটি ট্রেনে হামলা চালিয়ে আগুনও দিয়েছে অবরোধকারীরা।
