২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণ না হওয়ায় রক্ষা এসপি-ম্যাজিস্ট্রেটের

হাতবোমার বিস্ফোরণ না হওয়ায় রক্ষা পেয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ নিষ্কৃতি চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, টানা অবরোধের দ্বিতীয় দিন বুধবার দুপুরে মাইজদী পৌর বাজারের অদূরে তাদের উপর এ হাতবোমা হামলা হয়।

এর আগে ওই এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ফোর্স নিয়ে তারা ওখানে বসে থাকার সময় দুটি বোমা নিক্ষেপ করা হয়, কিন্তু একটিও বিস্ফোরতি হয়নি।

এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের গুলিতে রায়হান ও মাসুদ নামে দুই ছাত্রদলকর্মীসহ ১০-১২ জন আহত হয়েছেন।

তার অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়েছে।

তবে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আন্দোলনকারীরা বিনা কারণে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়।

সকাল থেকে জেলার প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে মিছিল বের করে অবরোধকারীরা।

পুলিশ সুপার আরো জানান, বিএনপি-জামায়াতের কর্মীরা সোনাপুর-মাইজদী ও মাইজদী- চৌমুহনী সড়কে গাছের গুঁড়ি, ইটের টুকরা ফেলে এবং টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।

এর আগে বেলা ১০টার দিকে শহরের রশিদ কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের বাসার সমানের প্রধান সড়কে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়।