বিজিবি সদস্য রিপনের দাফন মাগুরায়
কুমিল্লায় অবরোধ চলাকালে সংঘর্ষে নিহত বিজিবি সদস্য রিপন হোসেন মোল্লার লাশ বুধবার বিকালে মাগুরার বাড়িতে দাফন করা হয়েছে।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে পুলিশলাইন মাঠে লাশবাহী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর পরিবারের কাছে বিজিবির কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামছুর রহমান লাশ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহমদ, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানসহ অনেকে।
পরে লাশ নিয়ে রিপনের পরিবারের সদস্য, বিজিবি ও পুলিশ সদস্যরা তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বাড়িতে যান।
সেখানে বাদ আছর নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, হাজীপুরে এক কৃষক পরিবারের সন্তান রিপন। তিনি মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন রিয়া মোল্লার ছেলে। সাত ভাইবোনের মধ্যে রিপন দ্বিতীয়। তিনিই ছিলেন ওই পরিবারের একমাত্র সরকারি চাকরিজীবী।
কুমিল্লায় সংঘর্ষে নিহত ছাত্রদলকর্মী দেলোয়ার হোসেনকে নগরীর দক্ষিণ চর্থায় দাফন করার সময় পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীরা বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশকে বহনকারী গাড়িটি তারা পুড়িয়ে দেয়।
পরে সন্ধ্যায় এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হলে আবার সংঘর্ষ বেধে যায়। এ সময় বিজিবি সদস্য রিপনের মাথায় গুলি লাগে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
