২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ অবরোধ হয়নি, দাবি মন্ত্রীর

বিরোধী দলের অবরোধের মধ্যেও নৌযান চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার বিভিন্ন ঘাটে ৬৫টি লঞ্চ আসার কথা থাকলেও ৫২টি লঞ্চ এসেছে এবং ছেড়ে গেছে ৪১টি।

এছাড়া বুধবার বেলা ১২টা পর্যন্ত সদরঘাটে ৫০টি লঞ্চের মধ্যে এসেছে ২৯টি।

শাজাহান খান বলেন, “তারা (বিরোধী দল) যেভাবে আশা করেছিলেন সেভাবে নৌ অবরোধ হয়নি। ৬৫টির মধ্যে ৫২টি লঞ্চ এলে এবং ৪১টি ছেড়ে গেলে এটি কী স্বাভাবিক নয়?”

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

অবরোধের মধ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস স্বাভাবিক গতিতে চলেছে বলে দাবি করেন নৌমন্ত্রী। এ সংক্রান্ত কার্যক্রমের কিছু পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।

শাজাহান খান বলেন, মঙ্গলবার মোট ৯৪৭টি গাড়ি ফেরিতে পার করা হয়েছে এবং যাত্রীবাহী লঞ্চে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ে আরো ৩-৪ গুণ গাড়ি ফেরি পারাপার করা হয়।

এর বাইরে উপকূলীয় জাহাজও স্বাভাবিকভাবেই চলাচল করছে বলেও দাবি করেন তিনি।

অবরোধে ঢাকার ভিআইপি সড়কেও যানজটের সৃষ্টি হয়েছিল জানিয়ে তিনি বলেন, “মঙ্গলবার আমিও কিছুক্ষণের জন্য যানজটে পড়েছিলাম।”

এর পরে আবারো অবরোধ দেয়া হলে হাইওয়ের যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান।

‘এটা স্বাভাবিক আন্দোলন নয়’

নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেয়া হলেও বিরোধী দল নির্বাচন বানচালে উঠেপড়ে লেগেছে বলে দাবি করেন শাজাহান খান।

সহিংসতায় ২৮ জন গাড়ি চালক মারা গেছে জানিয়ে তিনি বলেন, “এদেরকে পুড়িয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।”

বিভিন্ন সহিংসতায় এক হাজার গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে এবং কয়েক হাজার গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানান শাজাহান।

তিনি বলেন, “কোনো দলের কর্মসূচি কারো পছন্দ না হলে সে গাড়ি চালাতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কেউ এই অধিকার হরণ করতে পারে না।”

“বার্ন ইউনিটে জায়গা নাই। এটাকে কি স্বাভাবিক আন্দোলন বলবেন? বামপন্থীরা হারমোনিয়াম বাজিয়ে হরতাল করেছিল আপনাদের নিশ্চয় মনে আছে।”

Image
জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপির ঘাড়ে চেপে জামায়াত নাশকতামূলক আন্দোলন করছে দাবি করে শাজাহান বলেন, সন্ত্রাসী আন্দোলন কোনো কালেই কোনো দেশে সফল হয়নি।

নির্বাচন অবশ্যই হবে জানিয়ে তিনি বলেন, “দু’চারটি ককটেল ফুঁটিয়ে ভোটকেন্দ্র বন্ধ করলেই নির্বাচন বন্ধ হবে না।”

সচিবালয়ে যখন নৌমন্ত্রী সংবাদ সম্মেলনে ককটেল বিস্ফোরণের কথা বলছিলেন ঠিক সেই মুহূর্তে পল্টন এলাকায় বিকট শব্দে দুটি বোমার বিস্ফোরণ হয়, যার শব্দ মন্ত্রণালয়ের সভাকক্ষে বসেই শোনা গেছে।

বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তবে বিরোধী দলের অরাজক পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হয়ে যাবে।

এ সময় তিনি আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।