অবরোধের দ্বিতীয় দিনেও ভাংচুর, সহিংসতা
বিরোধীদলের অবরোধের দ্বিতীয় দিন বুধবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমদিন মঙ্গলবার সারাদেশে পথচারী ও এক বিজিবি সদস্যসহ অন্তত আট জনের মৃত্যু হয়।
নারয়ণগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১৮ জন জনকে। খুলনায় পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। জেলায় সাতজনকে আটক করে পুলিশ।
এছাড়া চাঁদপুর, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে সংঘর্ষ, ভাংচুর ও নাশকতার খবর পাওয়া গেছে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
জেলাগুলো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত ৩০, গ্রেপ্তার ১৮
সোনারগাঁও ও রূগগঞ্জে বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। নাশকতার অভিযোগে নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরুজ জামানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।
সিদ্ধিরগঞ্জ ওসি আব্দুল মতিন ১৮ জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ এবং ১৫/২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। কয়েকটি যানবাহন ভাংচুরও করে।
পুলিশ অবরোধকারীদের সরাতে চাইলে সংঘর্ষ বেধে যায়। সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌড়াস্তায় পুলিশের একটি পিকআপ ভ্যান আগুন দেয় বিএনপিকর্মীরা।
সংঘর্ষে আটজন গুলিবিদ্ধসহ ১৫ কর্মী আহত হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২৫ রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করেছে। মোগড়াপাড়ায় গ্যারেজে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জের ভুলতায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বিএনপিকর্মীরা স্থানীয় গোলাকান্দাইল আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করে। অন্যদিকে আওয়ামীলীগ কর্মীরা বিএনপির এক কর্মীর দোকান ভাংচুর করে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান সংঘর্ষের কথা নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ ওসি আব্দুল মতিন জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিএনপির সমর্থকরা গাছের গুড়ি ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরে পুলিশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বলেও জানান তিনি।
খুলনায় গুলিবিদ্ধ ২, আটক ৭
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
সকাল ৮টা থেকে নগরীর পিটিআই মোড়, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, মডার্ন ফানির্চারের মোড়, বড় মির্জাপুর রোড ও সিটি কলেজ এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
পুলিশ বিএনপিকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে বলে জানান মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন।
খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ বলেন, বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও ৩৯৩ রাউন্ড রাবার বুলেট এবং ৩৯ রাউন্ড কাঁদুনে গ্যাস ছোঁড়ে।
বুধবার চাঁদপুরের বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিএনপি কর্মীরা। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চাঁদপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক রেল লাইনে অবরোধ করেছে ১৮ দলীয় জোট নেতাকর্মীরা।
পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কের মহামায়া, দেবপুর, হাজীগঞ্জসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে ১৮ দলীয় জোটের কর্মীরা।
এছাড়া সকালে শহরে রেল লাইনে আগুন দেয় ছাত্রদল কর্মীরা। জেলার বিভিন্ন স্থান থেকে ১২ অবরোধকারীকে আটক করেছে পুলিশ।
সকাল ১০টায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।
বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সময় টিভির সাংবাদিক ফারুক আহমেদ ও এসএ টিভির সাংবাদিক জিএম শাহীনকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়ে অবরোধকারীরা। তবে অল্পের জন্য বোমার আঘাত থেকে রক্ষা পান তারা।
বুধবার চাঁদপুরের বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিএনপি কর্মীরা। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সকালে শহরে ঝাড়ু মিছিল ও পরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কুশপত্তলিকা দাহ করেছে জেলা মহিলা দলের কর্মীরা।
পরে তারা রাস্তায় অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। শহরের পিটিআই মোড়, বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে ছয়টি হাতবোমার বিস্ফেরণ ঘটায় অবরোধকারীরা।
সকালে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তার পাশে কুমারভোগ ইউনিয়ন ও উত্তর কাজির পাগলা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, সকালে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা বিএনপি সকালে মিরকাদিম লঞ্চ ঘাট এলাকায় ঘণ্টাকাল অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর ব্রিজের উপরে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তার আশপাশে থাকা আওয়ামী লীগের বিভিন্ন ফেস্টুন ও তোরণ ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা।
পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগাম মহসড়কে কিছু যানবাহন চলাচলের খবর পাওয়া গেছে। তবে দূর পাল্লার যান চলছে না।
জেলায় অবরোধকারী বিএনপি ও জামায়াতশিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ হয়েছে।
ভোরে জামায়াত-শিবিরকর্মীরা সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে অবরোধ করে। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এদিকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত শহরের গয়লা ও একডালা এলাকায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন এলাকায় আবারো সংঘর্ষ শরু হয়।
এসব সংঘর্ষে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয় বলে আওয়ামী লীগ-বিএনপির নেতারা দাবি করেছেন।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা থেকে পরিস্থিতি পুলিশের নিয়েন্ত্রণে রয়েছে।
মানিকগঞ্জে পুলিশসহ আহত ৩০
দুপুরে শহরে বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এ সময় দুই কনস্টেবলসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ। পরে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা ৪/৫টি দোকান ও বেশকিছু যানবাহনে ভাংচুর চালায়।
সদর থানার ওসি মো. রিজাউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তফসিল ঘোষণার প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতালের সামনে আসলে পুলিশ এতে বাধা দেয়। এসময় পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
নরসিংদীতে পুলিশসহ আহত ১৬, আটক ৪
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষে যুব মহিলা দলের নেত্রীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
সকালে বিএনপিকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এসময় ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে অবরোধকারীদের ইটের আঘাতে আব্দুল কাইয়ুম নামে এক পুলিশ পরিদর্শক আহত হন।
পরে পুলিশের পিটুনিতে যুব মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা ইয়াছমিনসহ ১৬ জন আহত হন। তাদেরকে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসব ঘটনায় আবু সাঈদ খোকন, খলিল মাষ্টার, কিবরিয়া হোসেন, খলিল নামে চার অবরোধকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দীন ভুইয়ার নেতৃতে সকালে দলীয় কার্যালয় থেকে অবরোধের বিরুদ্ধে একটি মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এসএম কাইয়ুমের নেতৃত্বে আরেকটি আবরোধ বিরোধী মিছিল হয়।
ফরিদপুর যানবাহন ভাংচুর
সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের আলীপুর কবরস্থানের সামনের মুজিব সড়কে লাঠি মিছিল নিয়ে পাঁচটি ইজিবাইক ও তিনটি রিকসা ভাংচুর করে অবরোধকারীরা।
দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর হাসপাতাল চত্বর থেকে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠুকে গ্রেপ্তার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়ালন্দে বাস-ট্রাকে আগুন, গ্রেপ্তার ৩
অবরোধের প্রথম দিন গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ও দৌলতদিয়ায় একটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়ে বিএনপিকর্মীরা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, মঙ্গলবার গভীর রাতে এসব ঘটনায় দৌলতদিয়া টার্মিনাল থেকে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।
ঝিনাইদহে আ. লীগের উপর জামায়াতের হামলা
মহেশপুর উপজেলার খালিশপুরে জামায়াত-শিবিরের হামলায় অন্তত সাত আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে বিশু ও শাহাজাহান আলিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সকাল থেকে জামায়াতশিবিরের প্রায় দুই হাজার নেতাকর্মী খালিশপুরে অবস্থান নেয়। সেখানে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চলের একটি সভা উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হলে জামায়াতশিবির কর্মীরা হামলা চালায়।
পুলিশ তাদের রক্ষা করতে পাঁচ রাউন্ড শটগানের গুলি ও তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনাস্থলে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ আরেকটি অবিস্ফোরিত বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
অবরোধের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
মঙ্গল ও বুধবারের অবরোধে উভয় সীমান্তে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
হিলি স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, দুই দিনে সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
এই পথে পাসপোর্টে পারাপার স্বাভাবিক থাকলেও আবরোধের কারণে গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা।
ফেনীতে পুলিশের উপর বোমা হামলা
বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে জেলায় শিবিরের মিছিল থেকে ছোঁড়া হাত বোমার আঘাতে এক পুলিশ সদস্য, স্থানীয় এক সাংবাদিকসহ তিনজন আহত হয়েছ্ন। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক শিবির নেতাকে আটক করেছে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাঠানবাড়ী মোড় থেকে জামায়াত-শিবিরের মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল মোড়ে পৌঁছলে মিছিল থেকে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ছোঁড়ে।
বোমার আঘাতে পুলিশ কনস্টেবল মোহাম্মদ শাহাদাত ও স্থানীয় পত্রিকার সাংবাদিক শেখ ফরিদ রতনসহ তিনজন আহত হয় বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে শহর শাখা শিবিরের প্রচার সম্পাদক আরফান উদ্দিনকে আটক করেছে পুলিশ।
ঢাকার সাভারে অবরোধকারী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাংচুর করেছে কয়েকটি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাভার বাজার রোডে বিএনপি একটি মিছির বের করলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পু্লিশও পাল্টা টিয়ার সেল ছোঁড়ে।
মহাসড়কের জোরপুল এলাকায় সকালে বিএনপির নেতাকর্মীরা যানবাহন ভাংচুর করলে পুলিশ লাঠিপেটা করে। এসময় সংঘর্ষে আন্তত ২০ জন আহত হয়।
অপরদিকে আমিনবাজারের পদ্মারমোড় এলাকায় বিএনপির নেতারা দুটি ট্রাক ভাংচুর করেছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিএনপির নেতাকর্মীরা যানবাহন ভাংচুর করে নাশকতা সৃষ্টির সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়েছে।
ঢাকার ধামরাইয়ে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচীতে নাশকতা সৃষ্টির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে এক বছরের সাজা দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।
এদের মধ্যে টুটুল নামের একজনকে এক বছরের সাজা দিয়ে বুধবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় নাশকতামূলক কাজ করার সময় চারজনকে আটক করা হয়। পরে সকালে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে আটক ছাত্রদল নেতা টুটুলকে এক বছরের সাজা দেয়া হয়।
