২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগ নেতার রগ কেটেছে ‘বিএনপি-জামায়াত’

অবরোধের মধ্যে যশোরে যুবলীগের এক নেতার হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে ‘বিএনপি ও জামায়াত’ কর্মীদের বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার বেলা ১টার দিকে সদর উপজেলার কুয়াদা বাজারে এ ঘটনা ঘটে।

আহত নাজমুল হোসেন (২৫) সদর উপজেলার রামনগর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা গ্রামের আবু গাজীর ছেলে।

ঘটনার সময় নাজমুলের সঙ্গে থাকা যুবলীগ কর্মী আবু বকর সাংবাদিকদের বলেন, বেলা ১২টার দিকে নাজমুল সদর উপজেলার কুয়াদা বাজারে একটি চায়ের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ১০/১২ জন এসে তিনটি বোমা ফাটায় এবং তার উপর হামলা চালায়। তারা নাজমুলের চার হাত পায়ের রগ কেটে দেয়।

“হামলাকারীরা সবাই বিএনপি ও জামায়াত শিবিরের লোক। প্রতি হরতালেই তারা কুয়াদা বাজারে অবস্থান নিয়ে পিকেটিং করে। ওরা আমাকেও ধাওয়া করেছিল”

কোতয়ালি থানার উপ পরিদর্শক জামাল হোসেন জানান, হামলাকারীরা চলে যাওয়ার পর নাজমুলকে উদ্ধার করে স্থানীয় মনোয়ারা ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে যশোর হাসপাতালে পাঠান।

কোতয়ালির ওসি এমদাদুল হক জানান, নাজমুলের অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে সে এখনও আশঙ্কামুক্ত নয়।

হাত-পায়ের রগ কাটা ছাড়াও এই যুবলীগ নেতা মাথা ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।